শিল্পখাতে সময়মতো প্রয়োজনীয় সিদ্ধান্ত না নেওয়ায় গ্যাস সংকট সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তবে এ সংকট সমাধানে প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিটিএমএ সভাপতি।
শওকত আজিজ রাসেল বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল শিল্পের বর্তমান পরিস্থিতি গভীরভাবে অনুধাবনের চেষ্টা করছেন। খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আন্তরিক মনোভাব উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।
তিনি আরও জানান, যেসব কারখানা পুরোপুরি বন্ধ রয়েছে বা আংশিকভাবে উৎপাদন ব্যাহত হচ্ছে, সেগুলোর কী ধরনের সহায়তা প্রয়োজন এবং কতটুকু প্রয়োজন, তা নির্ধারণে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।






