স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

ছবি: সংগৃহীত
ময়মনসিংহ নগরে স্বেচ্ছাসেবক দলের নেতা সুরুজ জামানকে হত্যার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির ছোট ভাই মেহেদী হাসানকে (৩১) পিটিয়ে হত্যা করেছে স্থানীয় লোকজন।
সোমবার (১৬ নভেম্বর) ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মেহেদী নগরের বাড়েরা মসজিদ মার্কেট এলাকার বাসিন্দা। তার বড় ভাই জাহাঙ্গীর আলম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ময়মনসিংহ নগরের ২৬ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জাহাঙ্গীর ও মেহেদী এই হত্যাকাণ্ডে জড়িত।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নগরের মধ্য বাড়েরা এলাকায় ২৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুরুজ জামানকে হত্যা করা হয়। এ সময় তার সাত বছর বয়সী মেয়ে সঙ্গে ছিল। মেয়ের সামনেই তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
সুরুজ জামানের চাচাতো ভাই সাদেক হোসেনের অভিযোগ, জাহাঙ্গীর আলম তার ছোট ভাই মেহেদী হাসানসহ অন্য ভাইয়েরা মিলে সুরুজকে ছুরিকাঘাতে হত্যা করেছে।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে রোববার রাতে বিক্ষুব্ধ এলাকাবাসী ও নেতা-কর্মীরা নগরের বাইপাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এ সময় অভিযুক্ত মেহেদীর বাড়িঘর ভাঙচুর করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পরে গভীর রাতে স্থানীয় লোকজন মেহেদীকে ধরে মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। পুলিশ তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আশরাফুল করিম জানান, স্বেচ্ছাসেবক দলের নেতার হত্যাকাণ্ড ও গণপিটুনির ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।





